নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে হত্যার দায়ে দায়ের করা মামলায় মোক্তার হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নিভানা খায়ের জেসী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোক্তার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর বারিরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ইকবাল আহমেদ মানিক জানান, ফতুল্লার কাশিপুর হাজীবাড়ী স্কুল রোড এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে ফাতেমা আক্তার রেখার সঙ্গে মোক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর তারা কাশিপুর এলাকায় বসবাস করতেন।
তিনি বলেন, ২০২২ সালের ২০ নভেম্বর রাতে পারিবারিক কলহের জেরে মোক্তার হোসেন ছুরিকাঘাত করে স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যা করে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় মোক্তার হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিচারিক কার্যক্রম শেষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত মোক্তার হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।