অভাব-অনটন পেরিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন জামালপুরের ১০০ অসচ্ছল নারী। তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আর্থিক সক্ষমতা বাড়াতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে বেসরকারি সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
সোমবার (১৯ অক্টোবর) জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্থাটির অ্যাডমিন অফিসার কোহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম ও সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যরা।
বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কর্মমুখী সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন। এতে তাঁদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের পথ তৈরি হবে।
তাঁরা আরও বলেন, নারীদের আয় করার সুযোগ বাড়ানো এবং অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি পাবে। একই সঙ্গে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও এ ধরনের উদ্যোগ সহায়ক হতে পারে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ২০১৮ সাল থেকে দেশের বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, নারীর ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। জরুরি সহায়তার পাশাপাশি মানুষের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করাও সংস্থাটির কার্যক্রমের অংশ।
আয়োজকদের আশা, সেলাই মেশিন পাওয়া নারীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারবেন। এতে তাঁদের পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়ার পাশাপাশি স্বনির্ভর জীবন গড়ার সুযোগ তৈরি হবে।