শিরোনাম

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নদীতে নিখোঁজ হওয়া আলমগীর হোসেনের (৪৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আলমগীর হোসেন সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘আলমগীর দালাল’ নামে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়া এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত বৃহস্পতিবার সকালে চরডুমুরিয়া গ্রামে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে নদী সাঁতরে তীরে ওঠার চেষ্টা করতে গিয়ে আলমগীর নিখোঁজ হন। অন্যদিকে, সংঘর্ষে গুরুতর আহত চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. সেলিমকে (৩৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সজিবসহ অন্তত পাঁচজন আহত হন। গুলিবিদ্ধ সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানসহ অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর