শিরোনাম

বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন আহাত হাওলাদার (২২), তার মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা স্থানীয়দের অবহিত করেন। পরে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দুই-এক দিন আগে তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিনুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর