নরসিংদীর রায়পুরা উপজেলায় পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।
আহতরা হলেন—মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০) ও রুহুল আমিন (৩৭)। তারা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে এক দফা বিরোধ মীমাংসা হলেও সম্প্রতি দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়।
তাদের অভিযোগ, রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেন মিয়ার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় মোমেন মিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার মাথা ও পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিনিতা জানান, রক্তাক্ত অবস্থায় মোমেন মিয়াকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোমেন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আরও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।