শিরোনাম

দুই ছেলের মারামারি দেখে অসুস্থ হয়ে বাবার মৃত্যু

দুই ছেলের মারামারি দেখে অসুস্থ হয়ে বাবার মৃত্যু

রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মধ্যে মারামারি দেখে অসুস্থ হয়ে মহির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহির উদ্দিন ওই এলাকার বাসিন্দা। তিনি বাড়ির পাশে একটি মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাঁর মরদেহ কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ছিল বলে স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানান, মহির উদ্দিন তাঁর ছোট স্ত্রী ও দুই ছেলে মাইদুল ইসলাম ও রশিদুল ইসলামকে নিয়ে গুলশান মোড় এলাকায় বসবাস করতেন। তাঁর প্রথম স্ত্রীর বাড়িও ছিল পাশেই।

স্থানীয়দের ভাষ্য, ছোট ছেলে রশিদুলকে কয়েকদিন ধরে দোকানে বসতে দিচ্ছিলেন না মহির উদ্দিন ও তাঁর বড় ছেলে মাইদুল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল।

বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে রশিদুল দোকানে গিয়ে টাকা নেওয়ার চেষ্টা করেন। এ সময় বড় ভাই মাইদুল তাকে বাধা দিলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন।

এ সময় উপজেলা সদর বাজার থেকে দোকানের জন্য মালামাল নিয়ে মোটরসাইকেলে করে সেখানে আসেন মহির উদ্দিন। দুই ছেলের মধ্যে মারামারি দেখে তিনি অসুস্থ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে বড় ছেলে ও স্বজনরা তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, দুই ছেলের মধ্যে মারামারির ঘটনা দেখে অসুস্থ হয়ে মহির উদ্দিনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন।

স্বজনরা জানান, এর আগেও মহির উদ্দিন দুইবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসক তাঁকে হৃদ্‌যন্ত্রে রিং পরানোর পরামর্শ দিয়েছিলেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তা করাতে পারেননি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, দুই ছেলের মারামারি দেখে মহির উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর দুই স্ত্রী। বড় স্ত্রীর ছেলে জেলার বাইরে থেকে আসার পর মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর