চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে দামুড়হুদা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলী দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে।
আহতরা হলেন—দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট বিষ্ণুপুর গ্রামের হামিদুল হকের ছেলে ফিরোজ হোসেন (৩২), চুয়াডাঙ্গা সদর উপজেলার সিনেমা হলপাড়ার আবেদ উদ্দীনের ছেলে অফিস স্টাফ জনি আহমেদ (৪২) এবং দামুড়হুদা মন্দিরপাড়ার রবিন জেলের ছেলে রংমিস্ত্রি নিষ্কলঙ্ক (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে শাহীন আলী দামুড়হুদা বাজারের দিকে যাচ্ছিলেন। দামুড়হুদা ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহীন আলী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের তিন আরোহী আহত হন।
আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফিরোজ হোসেন, জনি আহমেদ ও নিষ্কলঙ্ককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে ফিরোজ হোসেন ও জনি আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।