রংপুর ব্যুরো>নিরাপদ রংপুর গড়ার লক্ষ্যে চালু হয়েছে ‘সেভ রংপুর’ নামে একটি বিশেষ ওয়েবসাইট। এর মাধ্যমে নাগরিকরা নিজেদের পরিচয় গোপন রেখে অপরাধ ও অপরাধীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানাতে পারবেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‘সেভ রংপুর’-এর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর আল মামুন বলেন, রংপুরের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। অনেকেই অপরাধের তথ্য জানলেও ব্যক্তিগত নিরাপত্তা ও পরিচয় প্রকাশের আশঙ্কায় প্রশাসনের কাছে সরাসরি যেতে চান না। তাদের জন্যই পরিচয় গোপন রেখে তথ্য দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, নাগরিকদের দেওয়া তথ্য প্রশাসনের কাছে পৌঁছে যাবে। এসব তথ্য অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহায়ক হবে।
ওয়েবসাইটের মাধ্যমে মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোর অপরাধ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের বিষয়ে তথ্য দেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি বাড়ির আশপাশে মাদক কারবার, চাঁদাবাজি কিংবা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্যও জানানো যাবে।
আয়োজকরা জানান, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনেকের আশঙ্কা থাকে, অপরাধের তথ্য দিলে তাদের সাক্ষী হতে হবে বা পরবর্তীতে নানা জটিলতার মুখোমুখি হতে পারেন। এসব বিষয় বিবেচনায় নিয়েই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ শহর গড়ে তোলা শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাগরিকরা নিজ নিজ অবস্থান থেকে অপরাধের তথ্য জানালে এবং সচেতন ভূমিকা পালন করলে নিরাপদ ও শান্তিপূর্ণ রংপুর গড়ে তোলা সহজ হবে।
অনুষ্ঠানে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।