সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত এমপি রেহেনা আক্তার রানু বলেছেন, জামায়াতের ‘ধোঁকাবাজি রাজনীতির’ মুখোশ এখন উন্মোচিত হচ্ছে। নির্বাচনের আগে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কারণে জনগণ তাদের ওপর আস্থা হারাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজে মসজিদ নির্মাণ ও একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি রানু বলেন, জামায়াত দেশে নির্বাচন চায়নি; বরং নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়েছিল। তিনি দাবি করেন, সম্প্রতি বিভিন্ন বিতর্ক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় দলটির রাজনৈতিক অবস্থান দুর্বল হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সারা দেশে বিএনপি ব্যাপক বিজয় পেলেও স্থানীয় কিছু সমীকরণের কারণে এ এলাকায় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিজয়ী হতে পারেননি। এতে প্রার্থীর ব্যক্তিগত ক্ষতি না হলেও এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে স্বাধীনতাবিরোধী শক্তিকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘ সময় ধরে কাজ করছেন। জনগণের সমর্থন অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তুহিন আরও বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি তৃণমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মশিউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম এবং প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন। এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার সম্প্রসারণ এবং জেলা পরিষদের অর্থায়নে ৩ লাখ টাকা ব্যয়ে কলেজ মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে কলেজের অবকাঠামোগত সংকট অনেকটাই দূর হবে।