যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। ইটের আঘাতে তাঁর মাথা ফেটে গেলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিনেতা সমু চৌধুরী জানান, দুপুরে নিজ বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তবে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন গ্যারেজের মালিক হৃদয়। তিনি জানান, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তবে তাঁর মা ও বোনকে নিয়ে গালিগালাজ করার কারণে সমু চৌধুরীর ওপর হামলা করা হয়েছে বলে মুঠোফোনে তাঁকে জানিয়েছেন মেকানিক জাহাঙ্গীর।
এদিকে, অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।