শিরোনাম

সাতক্ষীরায় শিক্ষা ও সমাজ উন্নয়নে খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান নিয়ে সেমিনার

সাতক্ষীরায় শিক্ষা ও সমাজ উন্নয়নে খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান নিয়ে সেমিনার

সাতক্ষীরা প্রতিনিধি: অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবন ও কর্মের ওপর সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর অবদান’ শীর্ষক দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসভাপতি আলহাজ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ছিলেন অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, দূরদর্শী শিক্ষানুরাগী এবং মানবতাবোধে উদ্বুদ্ধ মহান ব্যক্তিত্ব। তৎকালীন অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা-দীক্ষা ও সামাজিক মর্যাদা উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। শিক্ষা বিভাগে কর্মরত থাকাকালে পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নামের পরিবর্তে রোল নম্বর ব্যবহারের প্রথা চালুসহ অসংখ্য যুগান্তকারী সংস্কার তাঁর হাত ধরেই এসেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম।

খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন।

প্রবন্ধে তিনি উল্লেখ করেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) শিক্ষা, সাহিত্য, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক সাধনায় এক কালজয়ী মহাপুরুষ। তাঁর বহুমুখী বুদ্ধিদীপ্ত কর্ম ও কৃতির সুফল অবিভক্ত বাংলার মানুষ শতাব্দীকাল ধরে ভোগ করে আসছে, যার ধারাবাহিকতা আজও আধুনিক সমাজ ও শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান। আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা, নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি ও সম্প্রীতিমূলক সমাজব্যবস্থার যে ভিত বঙ্গীয় মুসলিম সমাজে গড়ে উঠেছিল, তাতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

মূল প্রবন্ধের ওপর নির্ধারিত আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসম্পাদক ইকবাল মাসুদ এবং খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক। এ ছাড়া আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমসহ অন্যরা।

সেমিনারে বক্তারা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরায় তাঁর নামে স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণের জন্য সরকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর