শিরোনাম

সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচের জানালার ফ্রেমে ত্রুটি অসন্তুষ্ট রেলমন্ত্রী

সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচের জানালার ফ্রেমে ত্রুটি  অসন্তুষ্ট রেলমন্ত্রী
ছবি প্রতিনিধি

মেরামতাধীন রেলকোচের জানালার ফ্রেমে নিম্নমানের অ্যালুমিনিয়াম পাতের ব্যবহার ও কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনকালে একটি কোচের জানালার ফ্রেমে ত্রুটি দেখতে পেয়ে সংশ্লিষ্টদের রেলের মেরামত ও উৎপাদনকাজে গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দেশের ঐতিহ্যবাহী সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে মন্ত্রী বিভিন্ন বিভাগের মেরামত ও উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) আহম্মদ হোসেন মাসুম।

পরিদর্শনের শুরুতে মন্ত্রী কারখানার ক্যারেজ শপে যান। সেখানে মেরামতাধীন বিজি ৭৩১৭ নম্বর কোচের ওপর উঠে জানালার ফ্রেমের কাজ পর্যবেক্ষণ করেন। এ সময় ফ্রেম তৈরিতে হালকা অ্যালুমিনিয়ামের পাতের ব্যবহার এবং কাজের মান তাঁর নজরে আসে। জানালার ফ্রেমের কাজ সন্তোষজনক না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের কাজের মানের বিষয়ে সতর্ক করে দেন।

মন্ত্রী রেলের কোচ মেরামত, পুনর্নির্মাণ এবং খুচরা যন্ত্রাংশ তৈরির প্রতিটি পর্যায়ে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এসব কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার কিংবা অবহেলা গ্রহণযোগ্য হবে না বলেও নির্দেশনা দেন তিনি।

ক্যারেজ শপ পরিদর্শন শেষে রেলমন্ত্রী সেলুন কার, বগি শপ ও পেইন্ট শপ ঘুরে দেখেন। এসব বিভাগের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি মেরামত ও উৎপাদনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

পরে তিনি কারখানার চিফ মেকানিক্যাল ওয়ার্কশপ (সিএমডব্লিউ) বিভাগে যান। সেখানে কোচের চাকায় টায়ার পরানোর প্রক্রিয়া সরেজমিনে প্রত্যক্ষ করেন। এরপর ফাউন্ড্রি শপ পরিদর্শন করেন। এ বিভাগের গলিত লোহা ব্যবহার করে ট্রেনের বিভিন্ন ছোটখাটো খুচরা যন্ত্রাংশ ও প্রয়োজনীয় সরঞ্জাম তৈরির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, রেলের আধুনিকায়ন এবং যাত্রীসেবার মান উন্নয়নে সৈয়দপুর রেলওয়ে কারখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারখানায় কোচ মেরামত ও পুনর্নির্মাণের কাজে কোনো ধরনের অবহেলা কিংবা নিম্নমানের উপকরণ ব্যবহার বরদাশত করা হবে না।

তিনি রেলের সব ধরনের মেরামত ও উৎপাদনকাজে মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনাও দেন তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর