শিরোনাম

খুলনায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ৩

খুলনায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ৩

খুলনা নগরীর দৌলতপুরে জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা এবং নোট তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, হার্ডডিস্ক ও কালার লেজার প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় কাজী মিনহাজ করিম অমিতের বসতবাড়ির দোতলার স্টুডিও কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কাজী মিনহাজ করিম অমিত (৩২), শেখ ইমতিয়াজ কবির (৩৮) ও আসাদুজ্জামান আশিক (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে স্টুডিও কক্ষে তল্লাশি চালিয়ে এক হাজার টাকার তিনটি এবং ৫০০ টাকার দুটি নোটসহ মোট ৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলোর গায়ে কলম দিয়ে ‘DEMO’ লেখা ছিল।

এ ছাড়া জাল নোট তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি এক্সটার্নাল হার্ডডিস্ক ও একটি কালার লেজার প্রিন্টার জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে এসব সরঞ্জাম ব্যবহার করে জাল টাকা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে জাল নোট তৈরির সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর