বাগেরহাটের মোরেলগঞ্জে পাট ও পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পাট অধিদপ্তর ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ অনুযায়ী মেসার্স ভাই ভাই ভাণ্ডারের মালিক বাসুদেব সাহাকে ৩ হাজার টাকা এবং মেসার্স মিরাজ এন্টারপ্রাইজের মালিক আলাউদ্দিন শেখকে ২ হাজার টাকা জরিমানা করেন।
.jpeg)
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাল বিক্রির ক্ষেত্রে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে বাগেরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার ও মোরেলগঞ্জ থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার বলেন, পরিবেশ দূষণ রোধ এবং পাটের হারানো গৌরব পুনরুদ্ধারে সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ প্রণয়ন করেছে। এ আইন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে হবে।