বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ এবং ব্যয় কমানোর লক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষায়িত ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় সাধারণ পরিবারের সন্তানদের জন্য ভর্তি প্রক্রিয়া সহজ করা, ভর্তি ফি কমানো এবং স্কুলের বিদ্যমান সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘ব্লু স্কাই’ স্কুলের টিউশন ফি তুলনামূলক বেশি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করতে ব্যয় কমানোর পাশাপাশি সাধারণ মানুষের সন্তানদের ভর্তি প্রক্রিয়া কীভাবে সহজ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, অটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে বাড়তি যত্ন ও বিশেষ ব্যবস্থাপনার প্রয়োজন হয়। এ কারণে একজন শিক্ষককে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় কমসংখ্যক শিক্ষার্থীর দায়িত্ব নিতে হয়। কোনো কোনো শ্রেণিতে একজন শিক্ষার্থীর জন্যও পৃথক শিক্ষক রয়েছেন।
মন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় রেখে শিক্ষার মান অক্ষুণ্ন রেখেই ব্যয় কমানোর উপায় বের করতে হবে। একই সঙ্গে স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়েও ভবিষ্যতে পরিকল্পনা নেওয়া হবে।
‘ব্লু স্কাই’ স্কুলকে সরকারি সহযোগিতার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রতিষ্ঠানটির আধুনিকায়ন এবং বিশেষায়িত শিক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করা গেলে অটিজমসহ বিভিন্ন ধরনের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় এটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
পরিদর্শনকালে স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টার্সের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমডোর ইমরানুর রহমান এবং স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।