শিরোনাম
‘মিথ্যা মামলায়’ কারাগারে

বোরহানউদ্দিনে অন্যায়ের প্রতিবাদ, হামলার শিকার স্কুলছাত্র

বোরহানউদ্দিনে অন্যায়ের প্রতিবাদ, হামলার শিকার স্কুলছাত্র

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর ৬ নম্বর ওয়ার্ডে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার এবং পরে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে এক স্কুলছাত্র। বায়েজিদ নামের ওই ছাত্র বর্তমানে অসুস্থ অবস্থায় দ্বিতীয় দফায় কারাগারে রয়েছে বলে পরিবারের অভিযোগ।

আদালতের নথি, ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দালালপুর এলাকায় চুরি, মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিল বায়েজিদসহ কয়েকজন স্কুলছাত্র। এ নিয়ে স্থানীয় মনির, হাসান ও তাদের সহযোগীদের সঙ্গে বায়েজিদের বিরোধ সৃষ্টি হয় বলে অভিযোগ পরিবারের।

পরিবারের অভিযোগ, গত ২১ মে রাত ৯টার দিকে মনির, হাসান ও কবিরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বায়েজিদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা ঘরবাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি বায়েজিদকে মারধর করেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

বায়েজিদকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা লাইলি আক্তারকেও মারধর করা হয় বলে অভিযোগ। এ সময় তাঁর স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যাওয়ারও অভিযোগ করেছে পরিবার।

পরে স্থানীয়রা আহত বায়েজিদ ও তাঁর মাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের ভোলা সদর হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য বায়েজিদকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের অভিযোগ, ঘটনার পর বায়েজিদের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এর বিপরীতে অভিযুক্ত মনির নিজেই মাথায় আঘাত করে আহত হওয়ার নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরে বায়েজিদদের বিরুদ্ধে মামলা করেন বলে অভিযোগ পরিবারের।

বায়েজিদের পরিবারের আরও অভিযোগ, ওই মামলায় বোরহানউদ্দিন থানার এসআই আবু জাফর রাতের বেলায় কোনো নারী পুলিশ সদস্য ছাড়াই প্রবাসী জিয়াউর রহমানের বাড়িতে প্রবেশ করে অসুস্থ বায়েজিদ ও তাঁর মা লাইলি আক্তারকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে লাইলি আক্তার জামিনে মুক্তি পেলেও বায়েজিদ এখনো কারাগারে রয়েছেন বলে পরিবার জানিয়েছে। তাঁর পরিবারের দাবি, অসুস্থ স্কুলছাত্রকে হামলার শিকার হওয়ার পর উল্টো মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং স্কুলছাত্র বায়েজিদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবার ও স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর