শিরোনাম

শ্রমিক অসন্তোষে সিংগাইরে অ্যাসপায়ার গার্মেন্টস বন্ধ ঘোষণা

শ্রমিক অসন্তোষে সিংগাইরে অ্যাসপায়ার গার্মেন্টস বন্ধ ঘোষণা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় অবস্থিত অ্যাসপায়ার গার্মেন্টস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বিক্ষোভের পরিস্থিতির কথা উল্লেখ করে বুধবার (১৮ নভেম্বর) রাতে গার্মেন্টস কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

আজ বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গার্মেন্টসটিতে ৩ হাজার ৩৬০ জন শ্রমিক কর্মরত ছিলেন।

 

গার্মেন্টস কর্তৃপক্ষের জারি করা নোটিশে বলা হয়েছে, শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি পালন ও বেআইনি ধর্মঘটে অংশগ্রহণের কারণে গার্মেন্টসের উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রমিকদের কাজে ফেরার জন্য বারবার অনুরোধ করা হলেও তাঁরা কাজ থেকে বিরত থাকছেন বলে নোটিশে উল্লেখ করা হয়। এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গার্মেন্টসের সব কার্যক্রম বন্ধ থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে গার্মেন্টসের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, শ্রমিকেরা গার্মেন্টসে এসে হাজিরা দেন, কিন্তু কাজ না করে কর্মবিরতি পালন করেন। এ পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হয়েছে।

একটি সূত্র জানায়, চলমান আন্দোলনে অংশ না নিয়ে অ্যাসপায়ার গার্মেন্টসের কিছু শ্রমিক নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ কারণে আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকেরা তাঁদের ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্নভাবে হয়রানি করেন। বিষয়টি গার্মেন্টস কর্তৃপক্ষকে জানানো হলে সবার সঙ্গে আলোচনা করে গার্মেন্টস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

গার্মেন্টস কর্তৃপক্ষ নোটিশে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে গার্মেন্টস পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম শ্রমিকদের নোটিশের মাধ্যমে জানানো হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর