দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় বাজেটে এ বছর শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পাঁচ বছরে শিক্ষাখাতে বাজেট ধীরে ধীরে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এ বছরই শিক্ষার্থীরা নতুন সিলেবাসের বই পাচ্ছে। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার, যেখানে কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না।
তিনি বলেন, কারিগরি ও ব্যবহারিক জ্ঞান বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাদানের কৌশলে পরিবর্তন আনা এখন সময়ের দাবি। প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প হিসেবে নয়, বরং শিক্ষকের সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ এবং বিনা মূল্যে ওয়াই-ফাই সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, নতুন সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক পাবে। শিক্ষার্থীরা যেন বইবিমুখ না হয়, সে জন্য আনন্দময় শিক্ষার মাধ্যমে পাঠদানের ওপর গুরুত্ব দিতে হবে।
সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় টিচার্স ট্রেনিং কলেজগুলো আধুনিকায়নের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শিক্ষকতা কোনো উপায়হীন মানুষের বিকল্প পেশা হতে পারে না। মেধাবীরা যেন শিক্ষকতাকে পছন্দের প্রথম সারির পেশা হিসেবে বেছে নেন, সে অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।