‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে বর্ণাঢ্য রোড-শো ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) শহরের ফৌজদারি মোড় থেকে একটি সচেতনতামূলক রোড-শো বের করা হয়। চালক, পথচারী ও যাত্রীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রোড-শোটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দেশের দ্রুত অগ্রগতিতে উন্নত যোগাযোগব্যবস্থার ভূমিকা অপরিসীম। তবে যোগাযোগব্যবস্থা নিরাপদ ও ঝুঁকিমুক্ত না হলে তা জাতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
.jpeg)
সড়কের শৃঙ্খলা রক্ষায় কোনো একক পক্ষকে দোষারোপ না করে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বিশেষ করে পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল কিবরিয়া।
ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ফেরদৌসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আরিফুল পারভেজ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির আলম, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু ও ফজলে এলাহী মাকাম।
শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য দেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (৮২২)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ এবং ট্রাক ও ট্যাংকলরি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেবসহ অন্যরা।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যেও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।