পঞ্চগড়ের বোদা উপজেলায় বৈধ লাইসেন্স ছাড়াই সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মাহমুদুল হাসান (২৮)। তিনি কালিয়াগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাহমুদুল হাসানের গুদামে অভিযান চালানো হয়। এ সময় বৈধ সার বিক্রির লাইসেন্স না থাকা সত্ত্বেও গুদামে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় মাহমুদুল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী ও বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সারের বাজার স্থিতিশীল রাখতে অনুমতিহীনভাবে সার মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।