ফেনীর দাগনভূঞা উপজেলায় ৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় উপজেলার ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
উপজেলার দুধমুখা উচ্চ বিদ্যালয়, দুধমুখা প্রাথমিক বিদ্যালয় ও সমমনা প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি কবির রাজ্জাক বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনায় প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রাসেল বলেন, এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছে।
.jpeg)
বৃত্তি পরিচালনা পর্ষদের সভাপতি মো. রনি মেম্বার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কিরন বলেন, শিক্ষানুরাগী ও এলাকাবাসীর সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে।
কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন জানান, সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আয়োজকেরা জানান, স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে। একই পদ্ধতিতে দ্রুত ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।