শিরোনাম

লালন আখড়াবাড়ির দানবাক্সে মিলল ৬ লাখ ৪৯ হাজার টাকা

লালন আখড়াবাড়ির দানবাক্সে মিলল ৬ লাখ ৪৯ হাজার টাকা

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির দানবাক্স থেকে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) সকালে আখড়াবাড়ির মাজারে থাকা সিন্দুক খুলে এসব টাকা পাওয়া যায়।

কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, সাধারণত বছরে দুইবার লালন আখড়াবাড়ির দানবাক্স খোলা হয়। প্রথমবার অক্টোবর মাসে এবং দ্বিতীয়বার লালন তিরোধান দিবসের পর দানবাক্স খোলা হয়। এখন থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দানবাক্স খোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, গতবারের তুলনায় এবার দানবাক্সে বেশি টাকা পাওয়া গেছে। গণনা শেষে প্রশাসনের পক্ষ থেকে টাকা বুঝে নেওয়া হয়েছে। এসব অর্থ লালন একাডেমির তহবিলে জমা দেওয়া হবে।

প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবরে দানবাক্স খুলে ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা পাওয়া গিয়েছিল। পরে লালন স্মরণোৎসবের পর দ্বিতীয়বার দানবাক্স খুলে পাওয়া যায় ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও লালন স্মরণোৎসবের অর্থ উপকমিটির আহ্বায়ক জাকির হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং লালন একাডেমির সদস্যরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর