বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী মো. জাহিদুল ইসলাম খলিল (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে নাহিদ হাসান (২০) ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম খলিল খুলনার লবণচরার মোক্তার হোসেন সড়ক এলাকার ছামাদ আকনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদুল ইসলাম খলিল ও তাঁর ছেলে বেতাগা পশুরহাট থেকে একটি গরু কিনে ভ্যানযোগে খুলনার দিকে যাচ্ছিলেন। খাজুরা এলাকায় পৌঁছালে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে জাহিদুল ইসলাম খলিল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তাঁর ছেলে নাহিদ হাসান ও ভ্যানচালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ফকিরহাট উপজেলা মেডিকেল অফিসার ডা. সৈয়দা রেহেনা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।