শিরোনাম

৫০ কোটি টাকার চার লেন প্রকল্পে ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

৫০ কোটি টাকার চার লেন প্রকল্পে ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

পঞ্চগড়ে চার লেন সড়কের ইউড্রেন নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার এবং স্যাঁতস্যাঁতে পানির মধ্যে নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে পৌরসভার ডোকরোপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণে অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নির্মাণকাজে ব্যবহৃত ইট সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। ড্রেন নির্মাণকাজটি করছে পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগ।

স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণকাজে ব্যবহৃত ইটগুলোর মান এতটাই নিম্নমানের যে সেগুলো সাধারণত বসতবাড়ির নির্মাণকাজেও ব্যবহার করা হয় না। বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

সচেতন নাগরিক হাসানুজ্জামান পলাশ বলেন, চার লেন সড়কের পাশে এ ধরনের অনিয়ম মেনে নেওয়া যায় না। প্রকাশ্যে কীভাবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার। তিনি ড্রেনের কাজ নির্ধারিত মান অনুযায়ী করার দাবি জানান।

স্থানীয় হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ড্রেনটির প্রশস্ততা ও উচ্চতা নিয়েও স্থানীয়দের মধ্যে স্পষ্ট ধারণা নেই। কেউ বলছেন ছয় ফুট, আবার কেউ বলছেন পাঁচ ফুট ১১ ইঞ্চি। পানি নিষ্কাশনের জন্য ড্রেনটি কী মাপ ও নকশা অনুযায়ী নির্মাণ করা হচ্ছে, তা পরিষ্কার করা প্রয়োজন। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

চার লেন সড়কের কাজের দেখভালের দায়িত্বে থাকা পঞ্চগড় সড়ক বিভাগের কার্যসহকারী মোজাফফর হোসেন বলেন, তিনি দুপুরের খাবারের জন্য কিছু সময় ঘটনাস্থলের বাইরে ছিলেন। ওই সুযোগে নির্মাণকাজে নিম্নমানের ইট ফেলা হয়। ইটগুলো কেন সরিয়ে নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইটগুলো নিম্নমানের হওয়ায় সরিয়ে নেওয়া হচ্ছে।

পঞ্চগড় সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন বলেন, বিষয়টি জানার পর নির্বাহী প্রকৌশলীসহ তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাজে কিছুটা ত্রুটি পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে।

নিম্নমানের ইট কীভাবে প্রকাশ্যে নির্মাণকাজে ব্যবহার করা হলো—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে কোনো রাজনৈতিক চাপ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানকে মানসম্মতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণকাজ নিয়মিত তদারকি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, পঞ্চগড় চৌরঙ্গী মোড় থেকে যুব উন্নয়ন অধিদপ্তর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে সড়ক ও জনপথ বিভাগ প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করছে। প্রকল্পের আওতায় সড়ক বিভাজক, ড্রেন নির্মাণ, গাছ লাগানোসহ সৌন্দর্যবর্ধনের বিভিন্ন কাজ করার কথা রয়েছে।

নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়টি তদন্ত করে কাজের মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর