শিরোনাম

রংপুরে কুরিয়ার ভ্যান থেকে ভারতীয় প্রসাধনী, নকল পণ্য ও ইয়াবা উদ্ধার

রংপুরে কুরিয়ার ভ্যান থেকে ভারতীয় প্রসাধনী, নকল পণ্য ও ইয়াবা উদ্ধার

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় প্রসাধনী, কাপড়, নকল ব্র্যান্ডের সিগারেট, বিড়ি ও ইয়াবাসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লাভলু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এসব তথ্য জানান।

পুলিশ কমিশনার বলেন, বুধবার পরিচালিত বিশেষ অভিযানে একটি কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যান তল্লাশি করে ১৫ বস্তা ভারতীয় প্রসাধনী, ৯ বস্তা ভারতীয় কাপড়, দেড় লাখ শলাকা নকল বিড়ি, ২৩ বস্তা নকল ব্র্যান্ডের সিগারেট, ২ বস্তা নকল আকিজ বিড়ি এবং ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাভলু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গত তিন মাসে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১ হাজার ৮১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২৮২ জন মাদক কারবারি, এসির তামার তার চুরি চক্রের ৫৩ সদস্য, নারী ও শিশু নির্যাতন মামলার ৩২ আসামি, হত্যা মামলার ৫ আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্য রয়েছেন।

পুলিশের অভিযানে এ সময়ে ১০ বস্তা তামার তার, ৩ হাজার পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ২০ কেজি গাঁজা, ফেনসিডিল, টাপেন্টাডল, মরফিন ইনজেকশনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।

মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, অনলাইন ও অফলাইন জুয়া বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া নগরীর যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী, মাহফুজুর রহমান, মারুফ আহমেদসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর