শিরোনাম

‘এ প্লাসধারীদের সংবর্ধনা নয়, ফেল করা শিক্ষার্থীদের নিয়ে কাজ করব’

‘এ প্লাসধারীদের সংবর্ধনা নয়, ফেল করা শিক্ষার্থীদের নিয়ে কাজ করব’

‘কোনো এ প্লাসধারীকে সংবর্ধনা নয়, যারা ফেল করবে তাদের নিয়ে আমরা কাজ করব। আমরা শতভাগ পাস নিশ্চিত করতে চাই। ২০৩০ সালের মধ্যে কিশোরগঞ্জে প্রাথমিক পর্যায়ে শতভাগ পাস নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম এসব কথা বলেছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন সম্মেলনকক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষাব্যবস্থার সংস্কার ও মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, প্রায় এক শতাব্দী আগে ব্রিটিশরা ৩৩ নম্বরকে পাস নম্বর নির্ধারণ করে দিয়েছিল, যা এখনো বাংলাদেশে চালু রয়েছে। অথচ সে সময় ব্রিটেনে পাস নম্বর ছিল ৬৫ এবং এখনো লন্ডনে ৬৫ নম্বরকে পাস নম্বর হিসেবে ধরা হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের পাস মার্ক সেই ৩৩-তেই আটকে আছে। এভাবে উন্নত শিক্ষাব্যবস্থার বাইরে আমরা আর কত দিন চলব? কিশোরগঞ্জের শিক্ষা দপ্তরে শিক্ষার মানোন্নয়নের পথে বাধা সৃষ্টিকারী যেকোনো দুষ্টচক্রকে মোকাবিলা করে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব, ইনশাআল্লাহ।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, প্রধান শিক্ষক আ.ফ.ম. কাদির, আলী আকবর ও হোদায়েত হোসেনসহ অন্যরা।

কর্মশালায় শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর