শিরোনাম

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, ভাঙল সারজিস আলমের গাড়ির গ্লাস

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, ভাঙল সারজিস আলমের গাড়ির গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় গাড়িটির পেছনের কাচ ভেঙে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

এনসিপির জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শিব্বির আহমদ জানান, সারজিস আলমের গাড়ির পাশাপাশি দলের নেত্রী মাহমুদা মিতু ও নেতা আতিকুর রহমান মোজাহিদের গাড়িতেও হামলা চালানো হয়েছে। এছাড়া শহীদ পরিবারের সদস্যদের বহনকারী একটি গাড়িও হামলার শিকার হয়েছে বলে তিনি দাবি করেন।

দলের একাধিক স্থানীয় নেতা জানান, অনুষ্ঠান শেষে গাড়িবহর অডিটোরিয়াম এলাকা ত্যাগ করার সময় কয়েকজন ব্যক্তি সারজিস আলমকে বহনকারী গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ করেন। এতে গাড়িটির পেছনের কাচ ভেঙে যায় এবং ঘটনাস্থলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলার সময় কোমল পানীয়ের ছোট বোতল নিক্ষেপ করা হয় এবং ঘটনাস্থলে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া হয়। সে সময় সারজিস আলমের গাড়ি ও পৌরসভা চত্বরে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বোতল নিক্ষেপের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

ঘটনার পর পুলিশি নিরাপত্তায় সারজিস আলমকে বহনকারী গাড়িবহর সিলেটের উদ্দেশে রওনা দেয়।

এর আগে অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর