শিরোনাম
সৈয়দপুরে দিনব্যাপী ক্যাম্পেইন

আড়াই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

আড়াই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে আড়াই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করে ফায়জানে রাযা ব্লাড ফাউন্ডেশন। ক্যাম্পেইনে সহযোগিতা করে লাইফ কেয়ার হসপিটাল, সৈয়দপুর।

ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর প্লাজা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাজ্জাদ আশরাফী, রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ রাজিবুল ইসলাম, সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শেখ কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক মুনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করেন আয়োজকরা। তাদের মতে, জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা এবং স্বেচ্ছায় রক্তদাতাদের একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফায়জানে রাযা ব্লাড ফাউন্ডেশনের আরিফ, আব্দুস সালাম ও দিলশাদসহ সংশ্লিষ্টরা বলেন, নিজের রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি সময়ে রক্তের প্রয়োজন মেটানো সহজ হয়। বিশেষ করে দুর্ঘটনা, অস্ত্রোপচার ও বিভিন্ন জরুরি চিকিৎসায় সময়মতো রক্তের ব্যবস্থা করতে স্বেচ্ছায় রক্তদাতাদের প্রস্তুত রাখা জরুরি। এ লক্ষ্যেই নিয়মিত ব্লাড গ্রুপিং ও রক্তদানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

ক্যাম্পেইনের সার্বিক ব্যবস্থাপনায় ফাউন্ডেশনের আরজু, আসফাক আহমেদ, আরাফাত, রব্বানি, দিলশাদ হুসাইন, তাজউদ্দিন, সুজন, হাসনায়েন আশরাফি, মাহিন, সাজ্জাদ হুসাইন, ইউসুফ আশরাফি, ইমতিয়াজ আত্তারি ও আতিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর