মোহাম্মদ মঈনুল ইসলাম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ। আয়তনের দিক থেকে বিশ্বে ৯৩তম এবং এশিয়ায় ২৬তম অবস্থানে থাকা ছোট এই দেশে বসবাস করছে প্রায় ১৮ কোটি মানুষ। বিশ্বের অন্যতম উচ্চ জনঘনত্বের দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যার পরিমাণ ও গুণগত বৈশিষ্ট্য—উভয় বিষয়কে গুরুত্ব দেওয়া জরুরি। আগামী এক দশকে দেশের জনসংখ্যার গতিপ্রকৃতি কেমন হবে, জনসংখ্যার সঠিক ও নির্ভরযোগ্য উপাত্ত কীভাবে কাজে লাগানো হবে এবং জাতীয় জনসংখ্যা নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট ২৮টি মন্ত্রণালয় কতটা কার্যকর ভূমিকা রাখছে—এসব প্রশ্ন এখন বিশেষভাবে প্রাসঙ্গিক।
বাংলাদেশের আগামী দশকের উন্নয়নযাত্রায় জনসংখ্যা একই সঙ্গে বড় সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ নীতিগত চ্যালেঞ্জ। জনসংখ্যার আকার, বয়সকাঠামো, জন্ম ও মৃত্যুহারের পরিবর্তন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন, নগরায়ণ, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত রূপান্তর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করবে। ফলে আগামী দিনের মূল প্রশ্ন শুধু কত মানুষের দেশ হবে বাংলাদেশ, তা নয়; বরং এই জনসংখ্যাকে কীভাবে দক্ষ, সুস্থ, উৎপাদনশীল ও মানবিক উন্নয়নের শক্তিতে রূপান্তর করা যাবে, সেটিই হবে বড় বিবেচ্য বিষয়।
জনমিতিক লভ্যাংশের সম্ভাবনা
আগামী দশক বাংলাদেশের জন্য প্রথম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ অর্জনের গুরুত্বপূর্ণ সময়। জন্ম ও মৃত্যুহার হ্রাসের ফলে জনসংখ্যার বয়সকাঠামোয় যে পরিবর্তন এসেছে, তাতে কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত বাড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। জনমিতিক রূপান্তরের বর্তমান ধারা অনুযায়ী ২০৩৬ সাল পর্যন্ত নির্ভরশীলতার হার তুলনামূলকভাবে অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের গবেষকেরা চীনের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ কীভাবে জনমিতিক লভ্যাংশ অর্জন করতে পারে, সে বিষয়ে একটি গবেষণা সম্পন্ন করেছেন। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৬ সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছাতে পারে। ওই সময়ে ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ফলে নির্ভরশীলতার হার থাকবে সর্বনিম্ন পর্যায়ে।
গবেষণার হিসাব অনুযায়ী, ২০৩৬ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৬৬ দশমিক ৫৭ শতাংশ, অর্থাৎ প্রায় সাড়ে ১১ কোটি মানুষ কর্মক্ষম বয়সের অন্তর্ভুক্ত হবে। এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার বড় সুযোগ তৈরি করবে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে বিপুলসংখ্যক তরুণ ও কর্মক্ষম মানুষকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। তাঁদের উৎপাদনশীল কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে অন্যতম প্রধান কাজ।
এ ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে। মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে যথাযথ বিনিয়োগ না হলে জনমিতিক সম্ভাবনা বোঝায় পরিণত হতে পারে। বাড়তে পারে যুব বেকারত্ব, আয়বৈষম্য ও সামাজিক অস্থিরতা। তাই কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে মানসম্মত শিক্ষা, কারিগরি ও ডিজিটাল দক্ষতা, উৎপাদনশীল বিনিয়োগ, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ এবং সুশাসন নিশ্চিত করা জরুরি। চীনের অভিজ্ঞতার আলোকে মানবপুঁজি গঠনে শিক্ষা ও স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
বাড়ছে প্রবীণ জনগোষ্ঠী, প্রয়োজন আগাম প্রস্তুতি
জনসংখ্যার বয়সকাঠামোয় পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি। বাংলাদেশে আগামী এক দশকে বার্ধক্যমুখী জনসংখ্যা ক্রমেই বাড়বে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশ বা আনুমানিক ১ কোটি ২০ লাখ মানুষ ৬৫ বছর কিংবা তার বেশি বয়সী। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৬ সালে ৬০ বছরের বেশি বয়সী মানুষের অনুপাত ১২ দশমিক ২৬ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। একই সময়ে ৬৫ বছরের বেশি বয়সীদের অনুপাত দাঁড়াতে পারে ৮ দশমিক ৫২ শতাংশে। এ পরিস্থিতিতে ২০২৭ সালেই বাংলাদেশ ‘এইজিং সোসাইটি’ বা বার্ধক্যমুখী সমাজে প্রবেশ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই পরিবর্তন মোকাবিলায় এখন থেকেই পরিকল্পিত প্রস্তুতি নেওয়া প্রয়োজন। প্রবীণদের স্বাস্থ্যসেবা, আয়, মর্যাদা ও পরিচর্যা নিশ্চিত করতে রাষ্ট্র, পরিবার ও বাজার—সব পক্ষের সমন্বিত ভূমিকা দরকার। পেনশন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো, প্রবীণবান্ধব স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদি পরিচর্যা, জেরিয়াট্রিক চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা এবং পরিবারভিত্তিক পরিচর্যার বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে।
একই সঙ্গে সক্রিয় ও কর্মক্ষম প্রবীণদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করা জরুরি। প্রযুক্তির সঙ্গে তাঁদের খাপ খাইয়ে নেওয়ার ব্যবস্থা এবং বয়সবান্ধব কর্মসংস্থান গড়ে তোলা গেলে প্রবীণ জনগোষ্ঠীও অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। এর মাধ্যমে দ্বিতীয় জনমিতিক লভ্যাংশ অর্জনের পথও তৈরি হতে পারে।
আগামী দশকের তিন সম্ভাব্য চিত্র
বাংলাদেশের আগামী দশকের জনমিতিক পরিবর্তন বিবেচনায় তিনটি সম্ভাব্য দৃশ্যপট সামনে আসে।
প্রথমত, জনমিতিক লভ্যাংশের সফল ব্যবহার। এ ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ, উৎপাদনশীল কর্মসংস্থান, নারী-পুরুষের সমান সুযোগ এবং কার্যকর সামাজিক সুরক্ষাব্যবস্থা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে রূপান্তর করতে পারে।
দ্বিতীয়ত, অসম অগ্রগতি। এ পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও দক্ষতার ঘাটতি, শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার অসামঞ্জস্য, আয়বৈষম্য এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে উন্নয়নের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছাবে না।
তৃতীয়ত, জনমিতিক চাপ ও উন্নয়নের ঝুঁকি। পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি না হওয়া, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের স্থানান্তর, স্বাস্থ্য ব্যয় বৃদ্ধি এবং বার্ধক্য মোকাবিলায় প্রস্তুতির ঘাটতি অর্থনীতি ও সামাজিক সুরক্ষাব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।
এই তিনটি সম্ভাবনার মধ্যে কোন পরিস্থিতির দিকে বাংলাদেশ এগোবে, তা অনেকাংশে নির্ভর করবে এখনকার নীতি, পরিকল্পনা ও বিনিয়োগের ওপর।
উন্নয়ন পরিকল্পনায় যেসব প্রশ্নের উত্তর জরুরি
জনসংখ্যা ও উন্নয়নের সম্পর্ক বিবেচনায় বাংলাদেশের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্ন রয়েছে।
১. জনমিতিক লভ্যাংশ অর্জনে কর্মক্ষম জনগোষ্ঠীকে কীভাবে দক্ষ ও উৎপাদনশীল কর্মশক্তিতে রূপান্তর করা যাবে?
২. অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল তরুণ, নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানো এবং কর্মসংস্থান ও আয়বৈষম্য কমানোর কার্যকর কৌশল কী হবে?
৩. বিয়ের বয়স, পরিবার গঠনের সিদ্ধান্ত ও প্রজননপ্রবণতার পরিবর্তনের সঙ্গে পরিবার পরিকল্পনা নীতিকে কীভাবে সামঞ্জস্যপূর্ণ করা যাবে? বয়সভিত্তিক প্রজননহার, কিশোরী মাতৃত্ব ও বাল্যবিবাহের উচ্চ হার কমাতে কী ধরনের লক্ষ্যভিত্তিক উদ্যোগ প্রয়োজন?
৪. প্রবীণদের স্বাস্থ্য, আয়, মর্যাদা ও পরিচর্যা নিশ্চিত করতে রাষ্ট্র, পরিবার ও বাজারের ভূমিকা কীভাবে নির্ধারিত হবে?
৫. অভিবাসন ও নগরায়ণের প্রভাব বিবেচনায় গ্রাম ও শহরের মধ্যে উন্নয়নের সুযোগের ভারসাম্য কীভাবে প্রতিষ্ঠা করা যাবে?
৬. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন, স্থানান্তর ও পুনর্বাসন কীভাবে নিশ্চিত করা হবে?
৭. বিশ্বের অন্যতম উচ্চ জনঘনত্বের দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ননীতি ও পরিকল্পনায় জনঘনত্ব ব্যবস্থাপনাকে কীভাবে অগ্রাধিকার দেওয়া হবে?
৮. জনস্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য ও স্বাস্থ্যসমতা নিশ্চিত করার পাশাপাশি মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসের অগ্রগতি ধরে রাখা, অসংক্রামক রোগ ও মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চিত করার উপায় কী?
৯. জনশুমারি, নমুনা জরিপ, জন্ম-মৃত্যুনিবন্ধন, স্বাস্থ্যতথ্য ও অভিবাসন-সংক্রান্ত নির্ভরযোগ্য উপাত্ত কীভাবে পরিকল্পনা ও বাজেট প্রণয়নে কার্যকরভাবে ব্যবহার করা যাবে?
জনসংখ্যা ও উন্নয়নে অগ্রাধিকারভিত্তিক করণীয়
এসব প্রশ্নের আলোকে আগামী এক দশকে জনসংখ্যা ও উন্নয়ন পরিকল্পনায় কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
প্রথমত, মানবসম্পদ উন্নয়নে শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও পুষ্টি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। তরুণ-তরুণীদের জন্য মানসম্মত কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং দক্ষতাভিত্তিক অর্থনীতির সুযোগ তৈরি করতে হবে।
দ্বিতীয়ত, প্রজননস্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাভিত্তিক পরিবার পরিকল্পনা পদ্ধতির বৈচিত্র্য নিশ্চিত করতে হবে। এসব সেবার নিরবচ্ছিন্ন সরবরাহ ও সবার প্রবেশগম্যতা বাড়ানো জরুরি।
তৃতীয়ত, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর কর্মসংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।
চতুর্থত, প্রবীণদের জন্য পেনশন, সামাজিক সুরক্ষা, প্রবীণবান্ধব স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি পরিচর্যার ব্যবস্থা গড়ে তুলতে হবে।
পঞ্চমত, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে বিকেন্দ্রীকরণ, সাশ্রয়ী আবাসন, উন্নত পরিবহন ও নগর স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিতে হবে।
ষষ্ঠত, নির্ভরযোগ্য জনমিতিক উপাত্ত সংগ্রহ, জন্ম-মৃত্যুনিবন্ধন ব্যবস্থার উন্নয়ন এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ জোরদার করতে হবে।
উন্নয়নের কেন্দ্রে থাকুক জনমিতির হিসাব
বাংলাদেশের আগামী দশকের উন্নয়ন-দর্শনে জনসংখ্যাকে কেবল একটি পরিসংখ্যান হিসেবে দেখলে চলবে না। জনসংখ্যাকে মানবসম্পদ, উদ্ভাবন, সামাজিক অগ্রগতি ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করতে হবে। এ জন্য জাতীয় উন্নয়ন পরিকল্পনা, বার্ষিক বাজেট এবং খাতভিত্তিক নীতিতে জনমিতিক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা জরুরি।
প্রথম জনমিতিক লভ্যাংশের সুযোগ কাজে লাগাতে তরুণদের দক্ষতা, স্বাস্থ্য, উদ্ভাবন ও কর্মসংস্থানে বিনিয়োগ বাড়াতে হবে। শিশু, কিশোর-কিশোরী, কর্মক্ষম জনগোষ্ঠী ও প্রবীণদের জন্য জীবনচক্রভিত্তিক সমন্বিত নীতি গ্রহণ করতে হবে। জনসংখ্যা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনবিষয়ক নীতির মধ্যে সমন্বয় বাড়াতে হবে। বিশেষ করে জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চল, অভিবাসনপ্রবণ জনগোষ্ঠী এবং শহুরে দরিদ্রদের জন্য লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
একই সঙ্গে উপাত্তনির্ভর সিদ্ধান্ত গ্রহণ জোরদার করতে হবে। জনশুমারি, নমুনা জরিপ, জন্ম-মৃত্যুনিবন্ধন, স্বাস্থ্যতথ্য ও অভিবাসন-সংক্রান্ত উপাত্তের মান উন্নত করার পাশাপাশি নীতিনির্ধারণে সেগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।
সবশেষে, প্রবীণবান্ধব অর্থনীতি গড়ে তোলার প্রস্তুতি এখনই শুরু করতে হবে। স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, পরিচর্যা অর্থনীতি এবং বয়সবান্ধব কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করতে হবে।
বাংলাদেশের সামনে জনমিতিক লভ্যাংশ অর্জনের সুযোগ যেমন রয়েছে, তেমনি দ্রুত বার্ধক্যমুখী হয়ে ওঠা জনসংখ্যা ও উচ্চ জনঘনত্বের চ্যালেঞ্জও রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পিত বিনিয়োগ, সমন্বিত নীতি এবং নির্ভরযোগ্য উপাত্তের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারলে জনসংখ্যাই হয়ে উঠতে পারে আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।