শিরোনাম

মানিকগঞ্জে চার বেসরকারি হাসপাতালের প্যাথলজি, এক্স-রে ও ওটি বন্ধের নির্দেশ

মানিকগঞ্জে চার বেসরকারি হাসপাতালের প্যাথলজি, এক্স-রে ও ওটি বন্ধের নির্দেশ

লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসক না পাওয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে মানিকগঞ্জের চারটি বেসরকারি হাসপাতালের প্যাথলজি, এক্স-রে ও অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চিকিৎসকদের চেম্বার করার ক্ষেত্রে কোনো বাধা নেই। অভিযানে প্রতিষ্ঠান চারটিকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন।

জরিমানার মুখে পড়া প্রতিষ্ঠানগুলো হলো—মানিকগঞ্জ অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, স্বপ্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় নার্সিং হোম এবং মানিকগঞ্জ অ্যাপোলো হাসপাতাল।

এর মধ্যে মানিকগঞ্জ অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৫৫ হাজার টাকা, স্বপ্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা, নিরাময় নার্সিং হোমকে ৪০ হাজার টাকা এবং মানিকগঞ্জ অ্যাপোলো হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসী বলেন, লাইসেন্স নবায়ন না থাকা, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক না পাওয়া এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি বন্ধ রাখার পাশাপাশি প্যাথলজি, এক্স-রে ও অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর