জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ জন শিক্ষার্থীর মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ইউনিফর্মবিহীন অবস্থায় বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (২০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে মূলত শ্রমজীবী ও নিম্নআয়ের পরিবারের সন্তানরা পড়াশোনা করে। অনেক শিক্ষার্থী পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনার পাশাপাশি বাদাম ও চা বিক্রিসহ বিভিন্ন কাজে যুক্ত থাকে। ইউনিফর্ম তৈরির সামর্থ্য না থাকায় অনেকেই নিয়মিত বিদ্যালয়ে আসতে পারত না। শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হতো।
সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি লক্ষ্য করেন। পরে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুল ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে ৭৯ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ করা হয়।
স্কুল ড্রেস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির বলে, “এতদিন ইউনিফর্ম ছাড়াই স্কুলে আসতাম। আজ স্কুল ড্রেস পেয়ে খুব ভালো লাগছে। এখন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব।”
একই শ্রেণির শিক্ষার্থী মৃত্তিকা বলে, “আগে অন্য স্কুলের শিক্ষার্থীদের ইউনিফর্ম দেখে খারাপ লাগত। এখন আমরাও ইউনিফর্ম পরে স্কুলে আসতে পারব। এতে পড়াশোনার প্রতি আমাদের আগ্রহ আরও বেড়েছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার বলেন, জেলা প্রশাসক বিদ্যালয়ের ওয়াশরুম উদ্বোধন করতে এসে শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি দেখেন। পরে তিনি ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং পড়াশোনায় আরও উৎসাহিত করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, “আর্থিক সংকটের কারণে কোনো শিশুর শিক্ষা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের শিক্ষার মূলধারায় ধরে রাখতে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”