সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গ্রেপ্তার আমিনুর রহমানের বয়স ৬৩ বছর। তিনি লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্তমানে দলটির ইউনিয়ন আহ্বায়ক কমিটির ২ নম্বর সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাতে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গোপন বৈঠক ও লিফলেট বিতরণের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এজাহারে ঘটনাস্থল থেকে লিফলেট, লোহার রড ও বাঁশের লাঠি উদ্ধারের কথাও উল্লেখ রয়েছে। ওই মামলার সূত্রেই আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আমিনুর রহমানকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।