পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, সরকারি যেকোনো উন্নয়ন কাজ জনগণের ট্যাক্সের টাকায় করা হয়। তাই এলাকার উন্নয়নকাজ ঠিকাদারের কাছ থেকে কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে গেদিপাড়া-সেতনায় খাল উপ-প্রকল্পের ২-ভেন্ট রেগুলেটর নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলার পাশাপাশি এ অঞ্চলের পানির সুষ্ঠু ব্যবহার এবং কৃষকদের সুবিধা নিশ্চিত করতে প্রকল্পটি নেওয়া হয়েছে। এটি সফলভাবে বাস্তবায়ন হলে স্থানীয় কৃষি উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, আগামী শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্ন ও নিরাপদে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেকোনো অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য এবং এলজিইডি পঞ্চগড়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।