মেজর জেনারেল আলি আবদুল্লাহি । ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি বলেছেন, যুদ্ধে বিজয় নির্ধারণে সামরিক সরঞ্জামই একমাত্র বিষয় নয়; বরং জাতীয় ইচ্ছাশক্তি, ঐক্য ও প্রতিরোধের মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে মেজর জেনারেল আলি আবদুল্লাহিকে উদ্ধৃত করা হয়েছে।
আবদুল্লাহি বলেন, ‘সামরিক সরঞ্জাম যুদ্ধের ফলাফল নির্ধারণে কার্যকর উপাদানগুলোর একটি মাত্র।’ যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত ফলাফল নির্ধারণে জাতীয় ইচ্ছাশক্তিই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, শুরু থেকেই দেশ দুটি ইরানের সরকারকে উৎখাতের চেষ্টা করেছে এবং এ লক্ষ্য অর্জনে সব ধরনের সামরিক শক্তি ও উপকরণ কাজে লাগিয়েছে।
আবদুল্লাহির দাবি, ইরানের জনগণ দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে প্রতিরোধের মাধ্যমে যুদ্ধের কঠিন পরীক্ষা অতিক্রম করেছে। তাদের এই দৃঢ়তাই বিজয়ের ভিত্তি তৈরি করেছে।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং বাহরাইনে অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে ইরানের সেনাপ্রধানের এই বক্তব্য সামনে এসেছে।