সৈয়দপুর, নীলফামারী, প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরজুড়ে পৌরসভার সড়ক সংস্কারকাজে বাধা হয়ে দাঁড়িয়েছে সড়কের পাশে থাকা ২৭টি বৈদ্যুতিক খুঁটি। এসব খুঁটি অপসারণ বা স্থানান্তর না করায় সংস্কারকাজে দেখা দিয়েছে ধীরগতি। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
জানা গেছে, শহরের শের-ই-বাংলা সড়ক ও শহীদ জহুরুল হক সড়ক মিলিয়ে মোট সাত কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ নেয় পৌরসভা কর্তৃপক্ষ। ২০২৫ সালের ১৯ অক্টোবর কাজ শুরু হয়। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল প্রজেক্ট’ (আরইউডিপি)-এর আওতায় এ কাজে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ টাকা। উভয় সড়কের প্রথম ৬০০ মিটার হবে আরসিসি ঢালাই এবং বাকি ২ হাজার ৯০০ মিটার অংশে করা হবে কার্পেটিং। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কাজটির দায়িত্ব পায় ‘এমএ-কেই-এসবি-জেভি’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি বাস্তবায়ন করছে রংপুরের মেসার্স শাম্মি বিল্ডার্স। কাজ শুরুর ১৩ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ৪০ শতাংশ কাজও শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি।
ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারার প্রধান অন্তরায় হিসেবে শের-ই-বাংলা সড়কের তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত থাকা ২৭টি বৈদ্যুতিক খুঁটিকে দায়ী করছে। এর মধ্যে তামান্না হল মোড় থেকে থানা পর্যন্ত ১০টি স্টিলের খুঁটি এবং আতিয়ার কলোনি থেকে ওয়াপদা মোড় পর্যন্ত ১৭টি এসপিসি খুঁটি রয়েছে। এসব খুঁটি দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সংস্কারকাজে সড়ক কিছুটা সম্প্রসারণ করায় বৈদ্যুতিক খুঁটিগুলো সড়কের ভেতরে চলে এসেছে। খুঁটির কারণে সম্প্রসারিত অংশে ঢালাই বা কার্পেটিংয়ের কাজ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি তুহিন বলেন, এসব খুঁটি সরানোর জন্য তাঁরা ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগকে ২৩ লাখ টাকা পরিশোধ করেছেন। কিন্তু খুঁটি না সরানোর কারণে সময়মতো সড়কের কাজ শেষ করা যাচ্ছে না। এতে জনদুর্ভোগের পাশাপাশি তাঁরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নর্থবেঙ্গল ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলিমুল ইসলাম সেলিম বলেন, গত ৮ সেপ্টেম্বর পৌরসভা থেকে ২২ লাখ ৯৩ হাজার টাকা পাওয়া গেছে। ওইসব খুঁটি সরানোর জন্য ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। দিনাজপুরের মেসার্স সুমি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। তারা কাজও শুরু করেছে। তবে খুঁটির পাশ দিয়ে মাটির নিচে পৌরসভার পানির লাইন ও টেলিফোন লাইন থাকায় স্থানান্তরের কাজে সমস্যা হচ্ছে। আতিয়ার কলোনি এলাকায় একটি এসপিসি খুঁটি স্থানান্তর করা সম্ভব হলেও একই এলাকার অন্য একটি খুঁটি সরানোর জন্য মাটি খুঁড়ে গর্ত তৈরি করে আবার তা ভরাট করতে হয়েছে। ডিসেম্বরের মধ্যে সব কটি খুঁটি সরানো সম্ভব হবে বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুমি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাপ্পি চক্রবর্তীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ১৭ থেকে ১৮টি টাওয়ার পোল সরিয়ে এসপিসি পোল বসাতে হবে। কিন্তু বগুড়া থেকে এসপিসি পোল এখনো পাওয়া যায়নি। তা ছাড়া মাটির সাত ফুট গভীরে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের ঢালাই করা লাইন থাকায় খুঁটি সরানোর কাজে সমস্যা হচ্ছে। মেসার্স সুমি এন্টারপ্রাইজের সঙ্গে খুঁটি সরানো বাবদ ৫ লাখ ১ হাজার ২৭০ টাকার চুক্তি করেছে সৈয়দপুর নেসকো।
সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী জানান, বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর না হওয়ায় সড়ক সংস্কারকাজ ধীরগতিতে চলছে। এতে সাধারণ পথচারীসহ শহরবাসী ভোগান্তিতে পড়ছেন। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগকে নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে, যাতে দ্রুত খুঁটিগুলো স্থানান্তর করা হয়। তবে মাটির নিচে পানির লাইন ও টেলিফোন লাইন থাকার বিষয়টি তিনি স্বীকার করেন।
শহরের বড় শপিংমল, থানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে শের-ই-বাংলা সড়কে। তা ছাড়া জেলা সদর থেকে সৈয়দপুর শহরে প্রবেশের এটিই একমাত্র সরাসরি পথ। দিনের পর দিন সংস্কারকাজ অসম্পূর্ণ থাকায় স্বস্তির বদলে ভোগান্তিতে পড়ছেন পথচারী, অটোরিকশা ও সিএনজিচালক এবং ব্যবসায়ীরা।
সড়কের একাধিক স্থানে অর্ধেক অংশে ঢালাই এবং বাকি অংশে খোয়া বিছানো থাকায় সড়কটি অনেকটা গলিপথে পরিণত হয়েছে। ফলে ওই সড়কে যান চলাচলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সময়মতো ব্যবসাপ্রতিষ্ঠানে পৌঁছাতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বাণিজ্যিক শহরের ব্যবসায়ীরা। তীব্র যানজটে পড়ে কেউ কেউ বিমানও মিস করছেন। সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগে দ্রুত সড়ক সংস্কারকাজ শেষ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।