শিরোনাম

গায়ের জোরে জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: সমাজকল্যাণমন্ত্রী

গায়ের জোরে জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: সমাজকল্যাণমন্ত্রী

রংপুর ব্যুরো: গায়ের জোরে জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। ৫ আগস্ট তথা ৩৬ জুলাইয়ের মধ্য দিয়ে দেশের জনগণ তা বুঝিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেণুবন বৌদ্ধবিহারে শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আয়োজিত আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, খুন, গুম, হত্যা ও মানুষকে পঙ্গু করার পরও বিচারের আওতার বাইরে থাকা যাবে—এমনটা ভাবার কোনো সুযোগ নেই। যারা দেশের ক্ষতি করবে এবং দেশের মানুষকে হত্যা করবে, প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সব ধর্মের মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একটি সম্প্রীতিপূর্ণ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে। একই সঙ্গে ‘রেইনবো নেশন’ বিনির্মাণেও সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সমাবেশে বিভিন্ন এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর