প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘ক্লাচ কার্নিভাল’ বা সৃজনশীল উৎসবের সমাপনী হয়েছে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাউস্ট)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাউস্টের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উৎসবে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০টির বেশি প্রকল্প উপস্থাপন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার। তিনি উৎসবে শিক্ষার্থীদের উপস্থাপিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরী, বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল আদিল, রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার (অব.) এবং ট্রেজারার লে. কর্নেল ড. শামীম রেজা (অব.)।
উৎসবে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিএউইটি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।
সমাপনী অনুষ্ঠানে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় সৃজনশীল উৎসব শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা আরও বিকশিত হয়।
তিনি জানান, ভবিষ্যতে বাউস্ট আরও বড় পরিসরে এ ধরনের সৃজনশীল উৎসব আয়োজনের উদ্যোগ নেবে।