শিরোনাম

শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বেরোবি ক্যাম্পাসে দর্শনার্থী ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বেরোবি ক্যাম্পাসে দর্শনার্থী ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থী এবং সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ আগস্ট সকাল থেকে ক্যাম্পাসে অতিথি-দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে পৃথক কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রশিবির ও ছাত্রদল। এ কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান দুপুরে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানায় ১৪৪ ধারা জারির আবেদন করেন।

এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তবে বিকেলে ঘোষিত কর্মসূচি এবং ১৪৪ ধারা জারির আবেদন বিষয়ে প্রশাসনের পরবর্তী সিদ্ধান্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর