শিরোনাম

মোরেলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ফ্রি চিকিৎসা ক্যাম্প

মোরেলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ফ্রি চিকিৎসা ক্যাম্প

উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক দিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘জীবন খেয়া’ কর্মসূচির আওতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর শহরের ২৮১ নম্বর পূর্ব বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। আয়োজকদের দাবি, ক্যাম্পে প্রায় ৫০০ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে গাইনি, চক্ষু ও মেডিসিন বিভাগের তিনজন চিকিৎসক এবং তিনজন নার্স দায়িত্ব পালন করেন। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্যাথলজি সেবা, ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি পরীক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ, পুষ্টিকর খাবারের প্যাকেজ ও টুথব্রাশ বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, ১০ বছর বয়সী শিশু থেকে ৬৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং বিভিন্ন বয়সী নারীরা এ ক্যাম্পে চিকিৎসাসেবা নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের জীবন খেয়া কর্মসূচির সমন্বয়ক আবু হাসনাত দিপু, রেজাউল ইসলাম হৃদয়, সদস্য মিজানুর রহমান, স্থানীয় বিএনপি নেতা ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মেয়ারাজুল ইসলাম খসরু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্বাস মুন্সী, সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া মুন্সী ডালিম, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এসব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘জীবন খেয়া’ কর্মসূচির আওতায় খুলনা বিভাগ ও বরিশাল অঞ্চলের প্রত্যন্ত এলাকায় ৩ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চিকিৎসাসেবা কার্যক্রম চলবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের জীবন খেয়া কর্মসূচি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত হচ্ছে। দুর্গম, নদী, চর ও উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান সংগঠনের বোর্ড সদস্য মিজানুর রহমান।

এ সময় স্থানীয় বিএনপির নেতারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতালের মাধ্যমে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর