শিরোনাম

স্বজনহীন অচেতন মানুষটিকে ফেলে যায়নি পুলিশ, নিজের গাড়িতে হাসপাতালে নিলেন ওসি

স্বজনহীন অচেতন মানুষটিকে ফেলে যায়নি পুলিশ, নিজের গাড়িতে হাসপাতালে নিলেন ওসি

পরিচয় নেই, পাশে নেই কোনো স্বজন। সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা সেই অসহায় মানুষটির জন্য যখন কেউ এগিয়ে আসছিলেন না, তখন পাশে দাঁড়াল পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। পরে নিজের তত্ত্বাবধানে তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ওসি শফিকুল ইসলাম।

ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির পরিচয় কিংবা কোনো স্বজনের সন্ধান না পেলেও তাঁকে সেখানে ফেলে রাখেননি ওসি। দ্রুত নিজের গাড়িতে করে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর তত্ত্বাবধানে অজ্ঞাত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “মানুষ বিপদে পড়লে তার পরিচয় আগে নয়, তার জীবন ও নিরাপত্তাই আগে। লোকটি অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। তাঁর পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।”

বর্তমানে অজ্ঞাত ওই ব্যক্তি সাতক্ষীরা সদর হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনহীন ও পরিচয়হীন একজন মানুষের বিপদের মুহূর্তে পুলিশের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে ওসি শফিকুল ইসলাম মানবিক পুলিশের একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে চিকিৎসাধীন ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সবার সহযোগিতা চেয়েছে পুলিশ। কেউ তাঁকে চিনে থাকলে অথবা তাঁর পরিচয় ও স্বজনদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত পাটকেলঘাটা থানা কিংবা সাতক্ষীরা সদর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর