নদী-খাল ও জলাশয় পুনঃখননের পাশাপাশি হাঁস পালন সম্প্রসারণের মাধ্যমে দেশে ডিম উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, প্রাণিসম্পদের উন্নয়নের সঙ্গে পানিসম্পদ ব্যবস্থাপনার নিবিড় সম্পর্ক রয়েছে। দুই খাতের সমন্বিত উদ্যোগ ডিমের চাহিদা পূরণ, পুষ্টিনিরাপত্তা নিশ্চিত ও রপ্তানির সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব ডিম দিবসের শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সারা দেশে নদী, খাল ও জলাশয় খননের ওপর গুরুত্ব দিয়েছেন। এসব জলাশয় পুনঃখননের পাশাপাশি সেখানে হাঁস পালনের সুযোগ তৈরি করা গেলে ডিম উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত ডিম বিভিন্ন জেলায় সরবরাহ এবং বিদেশে রপ্তানির সম্ভাবনাও তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনে পানিসম্পদ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জলাশয়ভিত্তিক হাঁস পালন সম্প্রসারণ করা গেলে স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
পরে বিশ্ব ডিম দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম, প্রাণিসম্পদের কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো. শহিদুল ইসলামসহ জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।