আগামী পাঁচ বছরে দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খাল পুনঃখনন, মাছের পোনা অবমুক্তকরণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক রূপান্তর ঘটিয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ্যানি বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পাশাপাশি সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। মৎস্যসম্পদ উন্নয়নেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
রহমতখালী খালকে লক্ষ্মীপুরের প্রাণ হিসেবে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ চলছে। ইতোমধ্যে খাল থেকে কচুরিপানা অপসারণ করা হয়েছে এবং পানিপ্রবাহও রয়েছে। এর অংশ হিসেবে খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্ত করার জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়। রহমতখালী খালেও বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।