নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক, সৈয়দপুর কলেজের সাবেক ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মো. মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তফা ফিরোজ সৈয়দপুর পৌরসভার কুন্দল এলাকার আলহাজ জহির উদ্দিনের ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি ইটভাটা ও সার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় সম্পৃক্ততার অভিযোগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সিআর মামলাও রয়েছে।