করোনার স্থবির সময়ে মাত্র ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলেন রঙিন মাছ চাষ। শখের বশে কেনা ১০টি মিক্স গাপ্পি মাছ থেকেই গড়ে উঠেছে তাঁর বাণিজ্যিক খামার। চার বছরের ব্যবধানে এখন ৩০ প্রজাতির রঙিন মাছ চাষ করে স্বাবলম্বী নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ বাজার এলাকার তরুণ উদ্যোক্তা রায়হান।

২০২০ সালে করোনার লকডাউনে ঘরবন্দী সময়কে কাজে লাগিয়ে গাপ্পি মাছ চাষের উদ্যোগ নেন রায়হান। সামান্য পুঁজি ও মাছের প্রতি আগ্রহ নিয়ে শুরু করা এ উদ্যোগ ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে। মাছের প্রজনন, পরিচর্যা ও বাজার চাহিদা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বাড়াতে থাকেন খামারের পরিসর।
মাত্র চার বছরের ব্যবধানে তাঁর ছোট উদ্যোগ রূপ নিয়েছে বাণিজ্যিক খামারে। বর্তমানে খামারে ৩৬টি পাকা চৌবাচ্চায় প্রায় ৩০ প্রজাতির রঙিন মাছ চাষ করছেন তিনি। এসব মাছের মধ্যে রয়েছে প্লাটিনাম ডাম্বো, ব্লু হেড সামুরাই, গ্লো টেট্রা, কই কার্পসহ বিভিন্ন জাতের বাহারি মাছ।
অ্যাকুয়ারিয়ামপ্রেমী ও স্থানীয় বাজারে রঙিন মাছের চাহিদা বাড়ায় বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন ও বিক্রি করে আয় করছেন রায়হান। তাঁর এই উদ্যোগ শুধু আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পথই তৈরি করেনি, বরং স্থানীয় বেকার ও তরুণদের জন্যও সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে নজর কেড়েছে। তাঁর সাফল্য দেখে এলাকার অনেক তরুণ রঙিন মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন।
তবে উদ্যোগ সম্প্রসারণে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়েছে। জায়গা ও পুঁজির সীমাবদ্ধতার কারণে বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে পারছেন না তিনি। পর্যাপ্ত বিনিয়োগ ও কারিগরি সহায়তা পেলে খামারটি আরও বড় পরিসরে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মৎস্য অধিদপ্তর জানিয়েছে, রঙিন মাছ চাষে উদ্যোক্তাদের কারিগরি পরামর্শসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ রয়েছে। ভবিষ্যতে দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি রঙিন মাছ রপ্তানির সম্ভাবনাও তৈরি হতে পারে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা পেলে রায়হানের উদ্যোগ আরও বিস্তৃত হবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে রঙিন মাছ চাষ।