শিরোনাম

জামায়াতের লং মার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ তৈরি করছে: রাশেদ খান

জামায়াতের লং মার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ তৈরি করছে: রাশেদ খান

জামায়াতে ইসলামীর লং মার্চ আওয়ামী লীগকে আবার মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর অভিযোগ, লং মার্চের নামে রাস্তাঘাট বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করা হচ্ছে এবং এতে জ্বালানিরও অপচয় হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে গুলি করার ঘটনাস্থল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান দাবি করেন, জামায়াতের লং মার্চের যেসব দাবি ছিল, সরকার সেগুলো বাস্তবায়ন করেছে। এরপরও জনভোগান্তি সৃষ্টি করে কর্মসূচি পালন করা হচ্ছে। তাঁর ভাষ্য, লং মার্চের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। সরকার ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল বলেই জামায়াতকে কর্মসূচি পালনে সহযোগিতা করছে। তবে কর্মসূচির নামে রাস্তাঘাট বন্ধ করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা এবং জ্বালানির অপচয় কাম্য নয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, জামায়াতের এ ধরনের কর্মসূচি আওয়ামী লীগকে আবার মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে। সরকার দেশ পরিচালনার সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসহযোগিতার পরিবেশ তৈরি হলে এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, সরকারের সঙ্গে ভিন্নমত থাকতেই পারে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় মতপ্রকাশের অধিকার সবার রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে জনস্বার্থ ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।

এ সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর