যশোরের সদর উপজেলায় করিমন চুরির অভিযোগে ধাওয়া করে তিনজনকে আটকানোর পর গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে মিজানুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মনিরুজ্জামান নামে আরেকজন। এ ছাড়া বিল্লাল হোসেন নামে একজন খালে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা পাশের ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে মনিরুজ্জামান, মিজানুর রহমান ও বিল্লাল হোসেন চান্দুটিয়া গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত করিমন চুরি করে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় মিজানুর ও বিল্লাল খালে ঝাঁপ দেন।
পরে স্থানীয়রা মনিরুজ্জামান ও মিজানুর রহমানকে আটক করে মারধর করেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মনিরুজ্জামান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, খালে ঝাঁপ দেওয়ার পর বিল্লাল হোসেন নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা খালে তল্লাশি চালাচ্ছেন।