শিরোনাম

সাজেকে আবারও সেনাবাহিনী ও সশস্ত্রগোষ্ঠীর মধ্যে গোলাগুলি

সাজেকে আবারও সেনাবাহিনী ও সশস্ত্রগোষ্ঠীর মধ্যে গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর সদস্যদের আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে কয়েক দফা গোলাগুলি হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ওই এলাকায় টহলরত সেনাসদস্যদের সঙ্গে জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থনপুষ্ট একটি সশস্ত্র গ্রুপের সদস্যদের গোলাগুলি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, কয়েকদিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মাচালংয়ের ১৪ কিলো এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনার সময় সশস্ত্রগোষ্ঠীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাসদস্যরাও পাল্টা গুলি চালান। তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে জনসংহতি সমিতি (জেএসএস)। সংগঠনটির দায়িত্বশীল একটি সূত্র দাবি করেছে, সাজেকের কোথাও গোলাগুলির ঘটনা সম্পর্কে তাদের জানা নেই। মাচালং এলাকায় তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটিতে কোনো সশস্ত্র সদস্য বা সশস্ত্র তৎপরতা নেই বলে দাবি করেছে সূত্রটি।

এদিকে, স্থানীয় পাহাড়ি সংগঠনের আহ্বানে গত ২২ অক্টোবর থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। অবরোধের প্রথম দিনেও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করা হলেও সংগঠনটি অভিযোগকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর