নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও সাত কার্যদিবস সময় চেয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত এ কমিটির রোববার (১৫ নভেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
এ উপলক্ষে আয়োজিত বৈঠকে সবার সম্মতিক্রমে তদন্তের স্বার্থে সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সময় বাড়ানোর কারণ হিসেবে তিনি জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত ও নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফরেনসিক প্রতিবেদন হাতে পেতে কিছুটা সময় লাগছে। ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল। কমিটির অন্য সদস্যরা হলেন—বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।