শিরোনাম

বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন ভেঙে পড়ল

বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন ভেঙে পড়ল

বরিশাল প্রতিনিধি: বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র সামনের ক্রেনের (বুম) একটি অংশ ভেঙে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন বিআইডব্লিউটিএ ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, যান্ত্রিক বা কারিগরি ত্রুটির কারণে ক্রেনটির অংশবিশেষ ভেঙে পড়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে জাহাজটির ক্রেন নিয়ে কাজ চলছিল। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ সামনের একটি অংশ ভেঙে পড়ে। খবর পেয়ে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র মাস্টার মো. আলমগীর হোসেন বলেন, প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও ক্রেনের কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। দুর্ঘটনার সময় জাহাজের এক কর্মী আতঙ্কে জ্ঞান হারান। পরে তিনি সুস্থ হন।

জাহাজটির কমান্ডার আব্দুল্লাহ আল বাকী জানান, ভেঙে পড়া ক্রেনের অংশ উদ্ধারে কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এ জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভেঙে পড়া ক্রেনের আঘাতে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি বার্জ (পন্টুন) কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, ২০১৩ সালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএর ঘাটে স্থানান্তর করা হয়। জাহাজটির ধারণক্ষমতা ২৫০ টন। বড় ধরনের দুর্ঘটনা ছাড়া সাধারণত এটি চলাচল করে না।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর