সাতক্ষীরার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রাম থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর শহরের বাইপাস সড়কসংলগ্ন একটি পরিত্যক্ত ভবন থেকে আমিরন নেছা (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত একতলা ভবনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী গত ১৩ জুলাই আমিরন নেছা কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
তিনি আরও জানান, বুধবার রাতে স্থানীয়রা খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত ভবনের ভেতরে এক বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে চিকিৎসাসংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নিখোঁজ আমিরন নেছার বলে শনাক্ত করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।